দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার (১৮ নভেম্বর) দেওয়া এই নির্দেশনার পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য মোতায়েন করা হয়েছে। যাত্রীদের আগমন ও বহির্গমনের পথে তল্লাশি কড়া করা হয়েছে, সীমানাপ্রাচীর ও ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে।
যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বসবাসরত সিলেট ও ফেঞ্চুগঞ্জের প্রবাসী এবং তাঁদের স্বজনেরা যাঁরা এ সময় ওসমানী বিমানবন্দর দিয়ে যাতায়াত করবেন, তাঁদের তল্লাশির কারণে কিছুটা বাড়তি সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছানো এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা সুবিধাজনক হতে পারে। ফ্লাইটের সময়সূচি সংক্রান্ত তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ রইল।
সূত্র: দৈনিক আমার দেশ