সিলেট মহানগর এলাকায় প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না। জননিরাপত্তার কথা উল্লেখ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিটিতে সই করেছেন এসএমপির পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। শনিবার (২১ নভেম্বর) থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
জরুরি প্রয়োজনে ওই সময়ে কাউকে মোটরসাইকেল নিয়ে বের হতে হলে সঙ্গে গাড়ির হালনাগাদ কাগজপত্র এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স রাখতে হবে। এসএমপির মিডিয়া শাখা বিষয়টি নিশ্চিত করেছে।
ফেঞ্চুগঞ্জ থেকে যাঁরা রাতে মোটরসাইকেলে সিলেট শহরে যাতায়াত করেন, তাঁদের এই সময়সূচি মাথায় রেখে চলাচলের পরিকল্পনা করা ভালো। নির্দেশনাটি সিলেট মহানগর এলাকার জন্য প্রযোজ্য।
সূত্র: আজকের পত্রিকা, বাংলা টিভি